বিদ্যুৎ ও জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে ধারাবাহিকভাবে দাম বাড়ানো হচ্ছে, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে রাজধানীতে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব দাবি তুলে ধরা হয়। বাংলামোটর থেকে শুরু হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে শেষ হওয়া মিছিলে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেন।
সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, সরকার একদিকে বিদ্যুৎ ও জ্বালানির দাম না বাড়ানোর আশ্বাস দিলেও অল্প সময়ের মধ্যেই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারের অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণসংক্রান্ত শর্তের কারণে সরকার মূল্যবৃদ্ধির পথে হাঁটছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
সভাপতির বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সরকারের বর্তমান কর্মকাণ্ডের মিল নেই। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর সরকার জনগণের স্বার্থের পরিবর্তে ভিন্ন পথে হাঁটছে এবং বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর বাড়তি বোঝা চাপিয়েছে।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও সরকার বিতর্কিত ব্যক্তিদের দায়িত্ব দিয়েছে বলে তাদের অভিযোগ রয়েছে। এর ফলে অর্থনৈতিক সুশাসন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম বলেন, মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হলে এর রাজনৈতিক জবাব জনগণই দেবে বলে তিনি সতর্ক করেন।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোয় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। তিনি দাবি করেন, জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত অব্যাহত থাকলে সরকারকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনি, মহানগর উত্তর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির মহানগর সেক্রেটারি মুহতাসীম ফুয়াদসহ অন্যান্য নেতারা।



