বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে দেশে মব কালচারের পরিবেশ সৃষ্টি করেছে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
সোমবার (১ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটো চালক দলের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, একটি মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে এবং উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি দেশের স্বার্থে জনগণের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব।
তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় থেকে কর্মসংস্থান সৃষ্টির যে ধারা শুরু হয়েছিল, বিএনপি সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এবং প্রবাসী কর্মসংস্থানের ভিত্তি জিয়াউর রহমানের হাত ধরেই গড়ে উঠেছিল বলেও মন্তব্য করেন তিনি।
মব কালচার প্রসঙ্গে রিজভী বলেন, কোনোভাবে অতীতের স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঘটলে দেশের গণতন্ত্র মারাত্মক সংকটে পড়বে। তিনি সতর্ক করে বলেন, তখন শুধু স্বাধীনতা ও সার্বভৌমত্বই নয়, গণতান্ত্রিক ব্যবস্থাও বিপন্ন হয়ে পড়বে। তাই সময় থাকতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, তারেক রহমান কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথানত করেননি এবং জাতীয় স্বার্থের প্রশ্নে আপসহীন অবস্থান বজায় রেখেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক আরিফুর রহমান তুষার। এ সময় আরও বক্তব্য দেন আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতারা।



