যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে আরও বেড়েছে। হরমুজ প্রণালি এলাকায় গোলাগুলির শব্দ শোনা যাওয়ার পাশাপাশি ইরান দাবি করেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাতে ইরানের সামরিক বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি গুলি করে নামায় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
উপকূলীয় অঞ্চল বুশেহরে এর আগেও একাধিকবার ড্রোন ভূপাতিতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে বলেন, “আজ রাতের ঘটনাটি শত্রুপক্ষের একটি আকাশযান ধ্বংসের সঙ্গে সম্পর্কিত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
এর আগে ইরানের দক্ষিণাঞ্চল থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তাসনিম নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার উদ্দেশ্যে এসব মিসাইল ছোড়া হয়েছে।
এদিকে হরমুজ প্রণালি এলাকায় গোলাগুলির শব্দ শোনা যাওয়ার খবরও প্রকাশ করেছে তাসনিম। প্রতিবেদনে বলা হয়, সেখানে অবস্থানরত জাহাজগুলোকে সতর্ক সংকেত দিতেই গুলি ছোড়া হয়েছে।
সূত্র: তাসনিম নিউজ



