জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের তারিখ পেছানো বা এ ধরনের গুজব কেবলই মিথ্যা প্রচারণা। আসন সংক্রান্ত সমঝোতা সম্পর্কে ছড়ানো গুজব ভিত্তিহীন। আমার কাছে নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংস্কার নিশ্চিত করা।
রবিবার (২৪ আগস্ট) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান: বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে মনে করছি না। কারণ, আমরা আইনি ভিত্তির মাধ্যমে জুলাই সনদ কার্যকর করে নির্বাচনে (গণপরিষদ) অংশ নিতে চাই। এর বাইরে অন্য কোনো নির্বাচন হবে বলে আমার মনে হয় না।
তিনি আরও বলেন, আমরা শুরু থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কোনো পক্ষপাত প্রদর্শন করিনি। আমরা শুধু বলেছি—যদি সংস্কার ও বিচারের নিশ্চয়তা নিয়ে ডিসেম্বরেও নির্বাচন হয়, তাতে আমাদের আপত্তি নেই।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে আমরা বলতে চাই, এই পরিবর্তনটি আমরা নিয়ে এসেছি বা জুলাই সনদের ফলে এসেছে। তাই সংস্কার আমাদের প্রধান লক্ষ্য এবং সেটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কার সম্পন্ন হলে তারপর আমরা নির্বাচন নিয়ে চিন্তা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। অনুষ্ঠান পরিচালনা করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এবং আয়োজক আলমগীর চৌধুরী আকাশ।



