বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফজলুর রহমান বলেছেন, তিনি কখনও বলেননি যে “একটি কালোশক্তি ৫ আগস্ট ঘটিয়েছে”। কেউ যদি তার এমন বক্তব্যের প্রমাণ দিতে পারে, তবে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন।
সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফজলুর রহমান বলেন, “আমার পুরো বক্তব্য শুনতে হবে। ইউটিউবের দুই লাইন দেখিয়ে নয়, পুরো ভিডিও দেখাতে হবে। আমি এমন কিছু বলিনি। প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইবো।”
তিনি অভিযোগ করেন, “আমার বাসার সামনে মব তৈরি করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার নিরাপদে বসবাসের অধিকার আছে। শোকজ নোটিশের জবাব আমি দলের কাছে দেবো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ, আমার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন।”
তিনি আরও বলেন, “দুইজন ইউটিউবার প্রকাশ্যে আমাকে হত্যা করতে বলেছে। এমনকি জামায়াতের লোকেরাও বলছে, আমাকে গলা কেটে হত্যা করতে হবে। আমার জীবনের নিরাপত্তা সাংবিধানিক অধিকার।”
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াত যেদিন থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেদিন থেকেই আমি তাদের বিরুদ্ধে কথা বলছি। মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি কোনও আপস করবো না। আমি নিশ্চিতভাবে বলি— আমি মুক্তিযুদ্ধের পক্ষে, জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষে।”
এদিকে জুলাই-আগস্টের গণআন্দোলন নিয়ে ধারাবাহিক বক্তব্য ও বিতর্কিত মন্তব্যের কারণে ফজলুর রহমানকে গত ২৪ আগস্ট রাতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।



