দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে চলতি মে মাসে চট্টগ্রাম বন্দরে ১৪টি তেলবাহী জাহাজ এসেছে। একই সঙ্গে মাসের বাকি সময়ের মধ্যে আরও ৫টি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
বিপিসির তথ্যানুযায়ী, মে মাসে আগত ও নির্ধারিত মোট ১৯টি জাহাজে রয়েছে প্রায় ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৭ হাজার টন জেট ফুয়েল, ২৬ হাজার ৫০০ টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস অয়েল।
বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন শুক্রবার (১৫ মে) গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে ১৪টি জাহাজ দেশে পৌঁছেছে। এছাড়া মে মাসের অবশিষ্ট সময়ে আরও ৫টি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করবে।
তিনি আরও জানান, আগামী জুন মাসের জন্য পরিশোধিত ও অপরিশোধিত তেলবাহী মোট ১৬টি জাহাজের আগমন নিশ্চিত করা হয়েছে। দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকার নিয়মিতভাবে তেল আমদানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিপিসি জানিয়েছে, ডিজেল, জেট ফুয়েল, অকটেন ও ক্রুড অয়েলবাহী জাহাজের আগমন একটি চলমান প্রক্রিয়ার অংশ। বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে, ‘এমটি ফসিল’ নামের একটি জাহাজ ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত সোমবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে জাহাজটি আগামী ২৩ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।
এর আগে, গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের আরেকটি জাহাজ কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়।



