হাম ও নিউমোনিয়ার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করা এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে নিয়মিত তদারকি করা হচ্ছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে হামের পাশাপাশি নিউমোনিয়ার প্রকোপও বেড়েছে। সংক্রমণ ও মৃত্যুহার কমাতে সরকার দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করছে। তবে টিকার পূর্ণ সুফল পেতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি সপ্তাহে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, রোগীদের সেবা নিশ্চিত করা এবং দালালদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে নজরদারি অব্যাহত রয়েছে।
পরিস্থিতির অবনতি হলে বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা আরও বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, হাসপাতালের প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি ও সরঞ্জাম সরবরাহ করা হবে। যেসব হাসপাতালে ভেন্টিলেশন সংকট রয়েছে, সেখানে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।



