ইরান ও যুক্তরাষ্ট্র-সমর্থিত জোটের মধ্যকার নাজুক যুদ্ধবিরতির মধ্যেই আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, দেশটির আকাশসীমার দিকে ছোড়া দুটি ইরানি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে। এর আগে রাতভর কুয়েত লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনাও ঘটে। এসব ঘটনায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে কাতারের উপকূলের কাছে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। ডয়চে ভেলের এক প্রতিবেদনে সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিটিশ সামরিক বাহিনীর এই সংস্থাটি জানায়, হামলার পর জাহাজটিতে ছোট পরিসরে আগুন লাগলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত এক সপ্তাহ ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো ধারাবাহিক হামলার মুখে পড়ছে। যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি এখনো আনুষ্ঠানিকভাবে বহাল রয়েছে, তবুও পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এসব হামলার জন্য পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইরানকে দায়ী করা হলেও তেহরান এখনো কোনো ধরনের দায় স্বীকার করেনি।



