মাত্র ১৯ দিনের এক নবজাতকের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জের বাংলাদেশ নবজাতক হাসপাতালে ভর্তি শিশুটির জ্বর, সারা শরীরে লালচে দাগ ও নিউমোনিয়ার লক্ষণ পাওয়া গেছে। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, শিশুটি হামে আক্রান্ত হতে পারে। রোগটি নিশ্চিত করতে ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির চিফ কনসালট্যান্ট ডা. মো. মজিবুর রহমান।
তিনি জানান, প্রায় পাঁচ দিন ধরে শিশুটির তীব্র জ্বর ছিল। তিন দিন আগে শরীরে র্যাশ দেখা দেয় এবং সে ঠিকভাবে খেতেও পারছে না। পরে এক্স-রে পরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়ে। শিশুটির মা হাম প্রতিরোধী টিকা নিয়েছিলেন কি না, সে তথ্যও নিশ্চিত হওয়া যায়নি।
ডা. মজিবুর রহমান বলেন, “এত অল্প বয়সী শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া উদ্বেগজনক। কারণ ছয় মাস বয়সের আগে হাম-রুবেলা টিকা দেওয়া সম্ভব হয় না। শিশুটির দ্রুত সুস্থতার জন্য আমরা সবার দোয়া কামনা করছি।”



