ইরানের বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য সমঝোতা নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান এখন গভীর সংকটে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হয়ে উঠেছে।
ট্রাম্প বলেন, একসময় ইরান মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করলেও বর্তমানে তারা নিজেদের অবস্থান টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছে।
তিনি উল্লেখ করেন, ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা এখন “ইস্পাতের মতো কঠোর” হয়ে দাঁড়িয়েছে। এই চাপের কারণে দেশটির পরিস্থিতি অনেকটাই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে বলেও দাবি করেন তিনি।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেন, জাহাজটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বহরের সঙ্গে ছিল না; একা চলাচলের সময়ই এটি হামলার শিকার হয়।
ইরানের কর্মকর্তাদের আচরণ নিয়েও সমালোচনা করেন তিনি। ট্রাম্পের ভাষ্য, তারা ব্যক্তিগতভাবে সম্মান দেখালেও গণমাধ্যমে গিয়ে ভিন্ন কথা বলেন এবং আলোচনার বিষয় অস্বীকার করেন।
তার দাবি, ইরানের সামরিক সক্ষমতা এখন অনেক দুর্বল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে যে কোনো দেশই টিকে থাকার স্বার্থে সমঝোতার পথ খোঁজে, এবং ইরানও তার ব্যতিক্রম নয়।
সবশেষে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চাইলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা রাখে।
সূত্র: আলজাজিরা



