ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের ছয়জন শীর্ষ কৌশলবিদ। তাদের মধ্যে অন্যতম হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি ‘চাণক্য’ হিসেবে পরিচিত। তার দূরদর্শী পরিকল্পনা, সংগঠন পরিচালনার দক্ষতা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দলকে শক্ত ভিত গড়ে দিতে সহায়তা করেছে। টানা ১৪ দিন তিনি বাংলায় অবস্থান করে দলীয় কার্যক্রম সমন্বয় ও দিকনির্দেশনা দিয়েছেন।
সোমবার (০৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, কৌশলকে মাঠপর্যায়ে বাস্তবায়নে অমিত শাহ দিন-রাত পরিশ্রম করেছেন। গভীর রাত পর্যন্ত নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, দিনে একাধিক জনসভা ও রোডশোতে অংশ নিয়েছেন। নির্বাচনী প্রচারে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। এর মধ্যে ছিল—ক্ষমতায় এলে সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা এবং ‘দুষ্কৃতী ও অনুপ্রবেশকারীদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
অমিত শাহ ছাড়াও আরও পাঁচজন কেন্দ্রীয় নেতা এই সাফল্যে বড় অবদান রেখেছেন। সাংগঠনিক কার্যক্রম থেকে শুরু করে ডিজিটাল প্রচার—সব ক্ষেত্রেই তারা সমন্বিতভাবে কাজ করেছেন। তারা হলেন—
ধর্মেন্দ্র প্রধান: কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পুরো নির্বাচনী প্রচারের প্রধান কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন সম্প্রদায় ও সামাজিক গোষ্ঠীর মধ্যে সমন্বয় গড়ে তোলা, কেন্দ্র ও রাজ্য ইউনিটের মধ্যে যোগাযোগ স্থাপন এবং সম্পদ ব্যবস্থাপনা ও সফর পরিকল্পনা দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন তিনি।
ভূপেন্দ্র যাদব: সাংগঠনিক দক্ষতায় অভিজ্ঞ এই কেন্দ্রীয় মন্ত্রী বুথ পর্যায় পর্যন্ত কর্মীদের সংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখেন। নির্বাচনী প্রক্রিয়ার আইনি দিকগুলোও তিনি দক্ষতার সঙ্গে সামলান। বিহারসহ বিভিন্ন রাজ্যে কাজ করার অভিজ্ঞতা বাংলার প্রেক্ষাপটে কাজে লাগে।
সুনীল বানসাল: বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল পূর্বে উত্তরপ্রদেশে দলের সাফল্যে অবদান রেখেছিলেন। বাংলায় তিনি ‘পন্না প্রধান’দের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন, যা তৃণমূলের সংগঠিত কাঠামোর মোকাবিলায় সহায়ক হয়।
বিপ্লব দেব: ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বাম শাসনের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা কাজে লাগান। বিশেষ করে ত্রিপুরার সঙ্গে সাংস্কৃতিক মিল রয়েছে এমন অঞ্চলে তিনি সক্রিয় প্রচার চালান এবং স্থানীয় কর্মীদের উজ্জীবিত করেন।
অমিত মালব্য: বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ডিজিটাল প্রচারের নেতৃত্ব দেন। বিভিন্ন ইস্যু সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে তিনি জনমত গঠনে ভূমিকা রাখেন এবং প্রতিপক্ষের প্রচারণার জবাবে শক্ত অবস্থান তৈরি করেন।



