বর্ষাকাল শেষ হলেও দেশের ওপর এখনো সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে সারাদেশেই কোথাও কম, কোথাও বেশি বৃষ্টি হচ্ছে। গতকাল (২৩ আগস্ট) দেশের সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে নোয়াখালীর হাতিয়ায়।
আজ রোববার (২৪ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের আটটি বিভাগ—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে—অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।
আজ সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত আরও বেড়ে যেতে পারে।
এছাড়া আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে, ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।



