মেয়ে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব গড়ে তুলে ব্ল্যাকমেইল ও যৌন সহিংসতার মতো নৃশংস অপরাধে জড়িত এক ‘সিরিয়াল ধর্ষক’কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম রাশেদুল ইসলাম রাব্বি (৩০)।
বুধবার (১৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী। এর আগে সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে থেকে তাকে আটক করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
পুলিশ জানায়, রাশেদুল অত্যন্ত কৌশলে ফেসবুকে নারী পরিচয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলে মিরপুর এলাকার তরুণীদের সঙ্গে বন্ধুত্ব করতেন। পরে তাদের মেট্রো স্টেশনের নিচে দেখা করার কথা বলে যাত্রাবাড়ীর দনিয়া কলেজ ও বর্ণমালা স্কুলসংলগ্ন এলাকায় নিয়ে যেতেন। সেখানে তার দুটি নির্দিষ্ট বাসা ছিল, যেখানে নিয়ে ভিকটিমদের যৌন নিপীড়ন করা হতো এবং গোপনে ভিডিও ধারণ করা হতো।
পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভিকটিমদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করতেন তিনি।
তদন্ত কর্মকর্তারা জানান, প্রথমে পর্নোগ্রাফি সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচজন ভিকটিমের পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তী তদন্তে আরও অন্তত ১০টি অভিযোগের তথ্য পেয়েছে পুলিশ। ইতোমধ্যে তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, রাশেদুল এতটাই চতুর ছিলেন যে একই কৌশলে তার বর্তমান স্ত্রীকেও ফাঁদে ফেলে বিয়ে করেছিলেন।
ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, অভিযুক্ত প্রযুক্তিগতভাবে দক্ষ। তিনি ভিকটিমদের ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলার কথা বলে বারবার টাকা দাবি করতেন। উদ্ধার করা ডিভাইসগুলো পরীক্ষা করে একাধিক ভিকটিমের সঙ্গে যৌন সহিংসতার প্রমাণ মিলেছে।
পুলিশের ধারণা, ভুক্তভোগীর সংখ্যা আরও বেশি হতে পারে। এ ধরনের অপরাধের শিকার হয়ে থাকলে সংশ্লিষ্টদের পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রাশেদুলের স্থায়ী ঠিকানা মুন্সীগঞ্জের পুরান কামারগাঁও এলাকায়। তার বাবার নাম শাহজাহান মল্লিক।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে এবং এ চক্রে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।



