ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সুনামগঞ্জের কৃষকরাই দেশের মোট ধান উৎপাদনের প্রায় আটভাগের একভাগ যোগান দেন। তিনি বলেন, “আপনারা সবাই কৃষকের সন্তান। এখানকার মানুষ অত্যন্ত পরিশ্রমী।” সাম্প্রতিক অতিবৃষ্টিতে হাওরের ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবগত এবং সতর্ক রয়েছেন বলে জানান তিনি।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে ‘সরকারি জলমহাল আইন-২০২৬’-এর খসড়া চূড়ান্তকরণ বিষয়ক জাতীয় কর্মশালায় এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, হাওরাঞ্চলে পানি নিষ্কাশনে কিছু কাঠামোগত সমস্যা রয়েছে, যার সূত্রপাত আগের সময়েই হয়েছে। অপরিকল্পিত অবকাঠামোর কারণে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন করে পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা যায়।
জলমহাল ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দীর্ঘদিন ধরে যারা মৎস্যজীবীদের শোষণ করে অবৈধভাবে সম্পদ দখল করেছে, তাদের আর সুযোগ দেওয়া হবে না। সরকার প্রকৃত মৎস্যজীবীদের অগ্রাধিকার দিয়ে জলমহাল ইজারা প্রদান, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
তিনি আরও বলেন, দেশে কোনো উগ্রবাদী গোষ্ঠী যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
ভূমিমন্ত্রী বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ ছিল অব্যবস্থাপনা ও কিছু মানুষের স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডের ফল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক রয়েছে।
বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, হাওরাঞ্চলে ধান উৎপাদন যেন ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজনে অন্যান্য খাতে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে হলেও কৃষি খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এতে ঢাকা থেকে আগত সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি সংস্থা ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মৎস্যজীবী প্রতিনিধিরাও তাদের মতামত তুলে ধরেন।



