ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে টানা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত দুই শতাধিক মানুষ আহত হয়েছেন এবং প্রায় ৫০টি দোকান ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এ ঘটনার সূত্রপাত হয়। এর জেরে শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে পুনরায় সংঘর্ষ শুরু হয়ে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামে এক কিশোর ফুটবল খেলার প্রচারণার জন্য মাইকিং করছিল। এ সময় খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর ও লাঞ্ছিত করে। এর প্রতিবাদে সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারে প্রথম দফা সংঘর্ষ শুরু হয়। রাতে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শনিবার সকাল থেকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার সকালে চার গ্রামের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। মুনসুরাবাদ গ্রামের বাসিন্দারা ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। অন্যদিকে খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের লোকজন হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ ঘরবাড়ির ছাদ ও দোকানের আড়াল থেকে ইট-পাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ করে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্যসহ দুই শতাধিক মানুষ আহত হন।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, সকাল থেকে কয়েকটি গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরিস্থিতি এক পর্যায়ে পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছেন।



