বিহার ও পশ্চিমবঙ্গ সফরে ফের অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিহার সফর শেষে কলকাতায় এক জনসভায় তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশকারীরা দেশের সম্পদ ও কর্মসংস্থান কেড়ে নিচ্ছে, নাগরিকদের অধিকার হরণ করছে এবং সমাজে অশান্তি সৃষ্টি করছে।
মোদির দাবি, তৃণমূল কংগ্রেস ভোটব্যাঙ্কের স্বার্থে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে। তিনি বলেন, “আমি লালকেল্লা থেকেও বলেছি, নকল কাগজপত্রে থাকা অনুপ্রবেশকারীদের যেতেই হবে। একইভাবে তৃণমূল কংগ্রেস সরকারকেও বিদায় নিতে হবে।”
বিহারের জনসভায়ও মোদি সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসীদের ক্রমবর্ধমান সংখ্যা দেশের জন্য উদ্বেগজনক। বিশেষ করে বিহার-বাংলার সীমান্তে জনসংখ্যার দ্রুত পরিবর্তন হচ্ছে। তিনি তরুণ প্রজন্মকে সতর্ক করে বলেন, “যারা অনুপ্রবেশকারীদের সমর্থন করছে, তাদের চিনে রাখুন।”
কলকাতার জনসভায় মোদি অভিযোগ করেন, কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের জন্য পাঠানো অর্থ তৃণমূলের ক্যাডারদের পকেটে চলে যাচ্ছে, জনগণের কাজে খরচ হচ্ছে না। তিনি বলেন, “তৃণমূল থাকলে বাংলার উন্নয়ন থমকে থাকবে। প্রকৃত পরিবর্তন আসবে তৃণমূল বিদায় হলে।”
সফরে মোদি কলকাতা মেট্রোর তিনটি রুট উদ্বোধন করেন এবং ৫২০০ কোটিরও বেশি টাকার অবকাঠামো প্রকল্পের শিলান্যাস করেন।
বিহারে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেন, এনডিএ সরকার অবৈধ অভিবাসীদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবে না। চাকরি ও সম্পদ শুধুমাত্র নাগরিকদের জন্যই সংরক্ষিত থাকবে। তিনি জানান, এ বিষয়ে একটি জনসংখ্যাতাত্ত্বিক মিশন শুরু করা হবে এবং প্রত্যেক অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হবে।



