tanaka
প্রচ্ছদজাতীয়ধর্ষণ প্রতিরোধ ও দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ প্রতিরোধ ও দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। একই সঙ্গে দেশে ধর্ষণের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ক্যাবিনেট নিজ উদ্যোগে একটি সিদ্ধান্ত নিয়েছে—বর্তমানে চলমান এবং পূর্বের সব ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নিয়ে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, সমাজ থেকে ধর্ষণের প্রবণতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করে প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গিয়ে মামলাগুলো নিষ্পত্তির তাগিদও দেন তিনি।

এর আগে দৈনিক কালবেলায় ‘বিধান থাকলেও ধর্ষণের বিচারে দীর্ঘ অপেক্ষা’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার বিষয়টি তুলে ধরা হয়। সেখানে উল্লেখ করা হয়, আইন সংশোধনের মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ এবং দ্রুত তদন্ত ও বিচার সম্পন্নের জন্য সময়সীমা নির্ধারণ করা হলেও বাস্তবে তেমন অগ্রগতি দেখা যায়নি।

প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের শিকার বহু নারী এখনও ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন। আইনে ৯০ কার্যদিবসের মধ্যে বিচার শেষ করার বিধান থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তদন্ত শেষ করতেই দীর্ঘ সময় লেগে যাচ্ছে। কোথাও কোথাও তা মাস পেরিয়ে বছরেও গড়াচ্ছে। অভিযোগ গঠনের পরও শুনানির তারিখ পড়ছে দীর্ঘ বিরতিতে—চার থেকে ছয় মাস, এমনকি আট মাস পরপর। ফলে একটি মামলার নিষ্পত্তি হতে বছরের পর বছর সময় লেগে যাচ্ছে।

তদন্তের ধীরগতি, সাক্ষীর অনুপস্থিতি এবং শুনানির দীর্ঘ বিরতির কারণে হাজারো মামলা ঝুলে আছে। কঠোর আইন থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে তার যথাযথ প্রয়োগ না থাকায় অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে। এর ফলে বিচারহীনতার সংস্কৃতি আরও দৃঢ় হচ্ছে এবং ভুক্তভোগীদের দীর্ঘ অপেক্ষা ও হতাশা বাড়ছে।