দেশের ক্রীড়াঙ্গন থেকে ঝরে গেল আরেক উজ্জ্বল নক্ষত্র। অ্যাথলেটিকস ট্র্যাকের রানী, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমু আর নেই। শুক্রবার রাতে রাজধানীর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ভার্টিগো সমস্যায় ভুগছিলেন মিমু। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র শাহরিয়ার শরীফসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৭৩ সালে দিনাজপুর জেলার হয়ে ক্যারিয়ার শুরু করা মিমু ছিলেন স্বাধীনতাত্তোর বাংলাদেশের অ্যাথলেটিকসের অন্যতম সফল ব্যক্তিত্ব। ১৯৭৩ থেকে ১৯৯২ সাল পর্যন্ত প্রায় দুই দশকের দীর্ঘ খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন প্রায় অপ্রতিরোধ্য। বিশেষ করে হাইজাম্পে তার দাপট ছিল চোখে পড়ার মতো। জাতীয় পর্যায়ে তার ঝুলিতে রয়েছে ২৭টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক। হাইজাম্প ও লংজাম্পে তিনবার জাতীয় রেকর্ডও গড়েছিলেন তিনি।
১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে লংজাম্পে সেরা আটে থেকে সপ্তম স্থান অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের সামর্থ্যের প্রমাণ রাখেন মিমু। খেলোয়াড়ি জীবন শেষ করার পর তিনি নিজেকে নিয়োজিত করেন নতুন প্রজন্মের অ্যাথলেট গড়ে তোলার কাজে।
১৯৮৩-৮৪ সালে ভারতের পাতিয়ালা থেকে কোচিং ডিপ্লোমা অর্জনের পর জার্মানি ও ইন্দোনেশিয়ায় উচ্চতর প্রশিক্ষণ নেন তিনি। তার তত্ত্বাবধানে বহু অ্যাথলেট আন্তর্জাতিক আসরে দেশের জন্য পদক জিতেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন মিমু। দিনাজপুরে বিকেএসপি গড়ে তোলার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
মাঠের বাইরেও ক্রীড়া প্রশাসক হিসেবে তিনি ছিলেন সমান সক্রিয়। বাংলাদেশ অ্যাথলেটিকস ও আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং অ্যাথলেটিকস জাজ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি।
ক্রীড়াঙ্গনে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে তৎকালীন সরকার তাকে ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’-এ ভূষিত করে। ব্যক্তিজীবনে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খালাতো বোন হলেও ক্রীড়াঙ্গনে নিজের মেধা, পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমেই আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন।
তার মৃত্যুতে বিকেএসপি, অ্যাথলেটিকস ফেডারেশন, আর্চারি ফেডারেশন ও বাফুফেসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।



