tanaka
প্রচ্ছদজাতীয়অস্তিত্বহীন থিয়েটারে ফারুকীর অনুদান, ক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীরা

অস্তিত্বহীন থিয়েটারে ফারুকীর অনুদান, ক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীরা

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’কে ঘিরে অনিয়মের অভিযোগের পর এবার অস্তিত্বহীন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নামে অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের অনুদানের তালিকা পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে কয়েকদিন অনুসন্ধান চালিয়েও অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

অনুদানের একটি নথি পর্যালোচনা করে দেখা যায়, নামসর্বস্ব বা অস্তিত্বহীন কয়েকটি থিয়েটার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নামে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ওই নথি অনুযায়ী, সংস্কৃতি মঞ্জুরি খাত থেকে চারু শিল্প ও থিয়েটার কার্যক্রমের জন্য সারা দেশের তিন শতাধিক প্রতিষ্ঠানকে মোট ২ কোটি ২২ লাখ ৪৩ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এর মধ্যে রাজধানী ঢাকার ১৭টি প্রতিষ্ঠানও রয়েছে।

তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকানায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, নথিতে উল্লেখিত স্থানে কোনো কার্যক্রম বা সাইনবোর্ড নেই। তালিকায় থাকা মিরপুরের বড়বাগ এলাকার ‘শিখা নাট্যগোষ্ঠী’ নামের একটি প্রতিষ্ঠানকেও উপদেষ্টা থাকাকালে অনুমোদন দেওয়া হয়েছিল। তবে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে ওই নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। এলাকার বাসিন্দাদের দাবি, পুরো এলাকাতেই ‘শিখা নাট্যগোষ্ঠী’ নামে কোনো সংগঠন নেই।

একইভাবে মিরপুর সেনপাড়ার ‘স্বর্ণধিতি’ নামের আরেকটি প্রতিষ্ঠানও অনুদান পেয়েছে। কিন্তু উল্লেখিত ঠিকানায় গিয়ে দেখা যায়, ভবনটি সম্পূর্ণ আবাসিক। ভবনের মালিক জানান, সেখানে কোনো চারু শিল্প বা থিয়েটার সংগঠন নেই এবং কখনো ছিলও না। ভবনের সব ফ্ল্যাটই ভাড়াটিয়াদের কাছে ভাড়া দেওয়া।

মিরপুরের রূপনগরের একটি স্কুলের ঠিকানায় ‘সঞ্চুরি সাংস্কৃতিক শিক্ষালয়’ নামে একটি প্রতিষ্ঠানের জন্যও অনুদান বরাদ্দ করা হয়েছিল। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই প্রতিষ্ঠানটি অন্তত দুই থেকে তিন বছর আগে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে।

শাহবাগের শেখ কামাল টেনিস কমপ্লেক্সের ঠিকানায় ‘স্বরকল্পন’ নামে একটি প্রতিষ্ঠানও অনুদান পেয়েছে। কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে তালা ঝুলতে দেখা গেছে। স্থানীয় কেউই বলতে পারেননি, শেষ কবে সেখানে কোনো কার্যক্রম হয়েছে। একই অবস্থা গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ের ঠিকানায় তালিকাভুক্ত ‘বাংলাদেশ সংস্কৃতি পরিষদ’-এর ক্ষেত্রেও। স্থানীয়দের মতে, ওই নামে কোনো সক্রিয় প্রতিষ্ঠান সেখানে নেই।

এ ছাড়া বনশ্রীর ‘সুরতাল শিল্পগোষ্ঠী’ এবং পুরান ঢাকার ওয়ারীর ‘বাংলাদেশ লোক সংস্কৃতি কেন্দ্র’ নামের প্রতিষ্ঠানগুলোর সম্পর্কেও তালিকাভুক্ত ঠিকানার বাসিন্দা ও ভবন মালিকরা কোনো তথ্য দিতে পারেননি।

এ বিষয়ে গতকাল যোগাযোগ করা হলে মোস্তফা সরয়ার ফারুকী মন্তব্য করতে রাজি হননি।

অনুদান বিতরণে অনিয়মের অভিযোগের পাশাপাশি ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা নিয়েও তার বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে। কয়েক দফা উদ্বোধনের তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত জাদুঘরটি উদ্বোধন করতে পারেনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। গত ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ওই সরকার বিদায় নেয়।

তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, দায়িত্ব ছাড়ার পরও সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিয়মিতভাবে জাদুঘর এলাকায় যাতায়াত করছেন এবং ভেতরের বিভিন্ন কার্যক্রম তদারকি করছেন। অথচ সেখানে কী কাজ চলছে—তা জানতে সাংবাদিকদেরও অনুমতি দেওয়া হচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে জুলাই জাদুঘর সংশ্লিষ্ট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা অভিযোগ করেন, উপদেষ্টারা দায়িত্ব ছাড়ার পরও ফারুকীর সক্রিয়তা প্রশ্নের জন্ম দিয়েছে। তার দাবি, জুলাই জাদুঘরের ক্ষেত্রে দুটি ভিন্ন উৎস থেকে অর্থ ব্যয় করা হয়েছে। একদিকে জাদুঘরের জন্য বরাদ্দকৃত অর্থ, অন্যদিকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বাজেট থেকেও একই কাজের জন্য অর্থ ব্যয় করা হয়েছে।

ওই কর্মকর্তা জানান, আইন প্রণয়নের আগে পর্যন্ত জুলাই জাদুঘর ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা। পরে অক্টোবরের শেষ দিকে একটি অধ্যাদেশের মাধ্যমে এটিকে স্বতন্ত্র জাদুঘরের মর্যাদা দেওয়া হয়। ফলে ওই সময়ের পর জাতীয় জাদুঘরের বাজেট থেকে জুলাই জাদুঘরের জন্য অর্থ ব্যয় করার সুযোগ থাকার কথা নয়। কিন্তু অভিযোগ রয়েছে, একই কাজের জন্য একবার জাতীয় জাদুঘরের বাজেট থেকে এবং আবার জুলাই জাদুঘরের বাজেট থেকে বিল পরিশোধ করা হয়েছে।

তার দাবি, এই প্রক্রিয়ার সূচনা হয় জাতীয় জাদুঘরের পরিচালক কাজী মনিরুল হকের একটি নোটের মাধ্যমে। পরে জাদুঘরের সেক্রেটারি মো. সাদিকুর রহমান বিষয়টি আইনি কাঠামোর মধ্যে উপস্থাপন করেন এবং মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব তা অনুমোদন করেন। যদিও এসব নথিতে ফারুকীর স্বাক্ষর নেই, তবু অভিযোগকারীর দাবি—এই অনিয়মের প্রধান সুবিধাভোগী তিনি।

অভিযোগ অনুযায়ী, সবচেয়ে বড় অনিয়ম হয়েছে কেনাকাটার ক্ষেত্রে। মূল জাদুঘরের কাজের বদলে গণভবনের বহিরাঙ্গনের কাজকে অগ্রাধিকার দেওয়া হয়। গণপূর্ত বিভাগ ওপেন টেন্ডারের মাধ্যমে এ কাজ করায় সেখানে প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগ নেই। তবে জাদুঘরের অভ্যন্তরীণ সজ্জা, আসবাবপত্র ও বিভিন্ন গ্যাজেট কেনার ক্ষেত্রে কোনো টেন্ডার আহ্বান করা হয়নি।

এ ছাড়া অভিযোগ রয়েছে, টেন্ডার ছাড়াই নির্দিষ্ট কিছু ভেন্ডারকে কাজ দেওয়া হয়েছে, যা পাবলিক প্রকিউরমেন্ট রুলসের পরিপন্থী। অনেক ক্ষেত্রে বাজারদরের তুলনায় তিন থেকে চার গুণ বেশি দামে বিল করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এর বড় অংশের অর্থ জুলাই জাদুঘরের বাজেট থেকেই পরিশোধ করা হচ্ছে।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও অভিযোগ করেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফারুকী সংস্কৃতি মন্ত্রণালয়ের চেয়ে গণভবনেই বেশি সময় কাটিয়েছেন। গত ১১ মাসে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বাজেট থেকে প্রতিদিন ২০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দুপুরের খাবার, বিকেলের নাস্তা ও রাতের খাবারের নামে ব্যয় করা হয়েছে বলেও তিনি দাবি করেন। এ বিষয়ে জাতীয় জাদুঘরের হিসাব কর্মকর্তার কাছে বিস্তারিত তথ্য রয়েছে বলেও জানান তিনি।

এদিকে জাদুঘরে লোক নিয়োগের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে। নির্বাচনের আগে মাত্র সাত দিনের নোটিশে লিখিত পরীক্ষা ছাড়াই মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, যেখানে আহসান মঞ্জিল জাদুঘরে ২০ জন, চট্টগ্রামের জিয়া জাদুঘরে ১৮ জন, কুমারখালীর কাঙাল হরিনাথ জাদুঘরে ৬ জন, ফরিদপুরের জসীম উদ্দীন জাদুঘরে ৮ জন এবং সিলেটের ওসমানী জাদুঘরে মাত্র ৫ জন জনবল রয়েছে, সেখানে জুলাই জাদুঘরের জন্য ৩০০ থেকে ৪০০ জন নিয়োগের পরিকল্পনা করা হয়েছিল।

পরে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের আপত্তির মুখে সেই সংখ্যা কমিয়ে ১০৭ জনে নামিয়ে আনা হয়। তবে এখনো পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়নি এবং নিয়ম অনুযায়ী নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি বলে অভিযোগ রয়েছে।

নথিপত্র অনুযায়ী, গত বছরের জুন মাসে এই জাদুঘরের জন্য ৩৭ জন জনবল অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগকারীদের দাবি, তারা ফারুকীর ঘনিষ্ঠ না হওয়ায় সেই নিয়োগ প্রক্রিয়া এগোয়নি।

এ ছাড়া জনবল নিয়োগ প্রক্রিয়া নিজের নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়োগ পাওয়ার পরও তানজিম ইবনে ওয়াহাবকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাকেই আবার জুলাই জাদুঘরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।