tanaka
প্রচ্ছদরাজধানীঢাকা দক্ষিণে চাঁদাবাজি সহ্য করা হবে না: আব্দুস সালাম

ঢাকা দক্ষিণে চাঁদাবাজি সহ্য করা হবে না: আব্দুস সালাম

রাজধানীতে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, ফুটপাতসহ নগরীর কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও কঠোর নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

সোমবার (৯ মার্চ) পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে সিদ্দিক বাজার সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, নগরী পরিষ্কার রাখা শুধু সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়; এ জন্য নগরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। যারা ময়লা অপসারণের টেন্ডার নিয়েছেন, তারা নির্ধারিত ১০০ টাকার বেশি নিলে তাদের টেন্ডার বাতিল করা হবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, পুরান ঢাকার বাসিন্দাদের সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য উপযুক্ত স্থান পাওয়া দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ ছিল। নতুন এই আধুনিক ছয়তলা কমিউনিটি সেন্টার সেই সমস্যার সমাধান করবে। এখানে অনলাইনের মাধ্যমে বুকিংয়ের সুবিধা থাকবে। পাশাপাশি নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা, পাঠাগার এবং ব্যায়ামাগারের ব্যবস্থাও রাখা হয়েছে।

এ সময় তিনি এই কমিউনিটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অবদানের কথা স্মরণ করে বলেন, উন্নয়নের ক্ষেত্রে পুরান ঢাকা আজও খোকা ভাইয়ের কাছে ঋণী।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, এই কমিউনিটি সেন্টার উদ্বোধনের মাধ্যমে এলাকাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপনা উপহার দেওয়া হলো। সবাই মিলে একযোগে কাজ করলে নগর উন্নয়ন আরও এগিয়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।