দেশের সব স্কুল ও কলেজের জন্য ১০ দফা নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনার অংশ হিসেবে তাদের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এক দিনের মেডিটেশনভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করতে বলা হয়েছে।
সম্প্রতি মাউশির জারি করা এক স্মারকে এ তথ্য জানা গেছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য মোট ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখার নির্দেশনা অনুযায়ী বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশন প্রণীত ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ শীর্ষক ম্যানুয়ালের ভিত্তিতে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে।
নির্দেশনায় বলা হয়, পরিকল্পনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সমঝোতা স্মারকের মাধ্যমে বিনা মূল্যে এক দিনের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য দেওয়া নির্দেশনাগুলো হলো—
১. প্রশিক্ষণ কার্যক্রমের শিরোনাম : ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’।
২. শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাউশি ও কোয়ান্টাম ফাউন্ডেশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ ভেন্যুতে বিনামূল্যে এই প্রশিক্ষণ বাস্তবায়ন করবে।
৩. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা কোয়ান্টাম ফাউন্ডেশনের নিবন্ধিত ও নির্ধারিত স্বেচ্ছাসেবী প্রশিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এক দিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবেন।
৪. প্রশিক্ষণ-পরবর্তী দৈনিক অনুশীলন কার্যক্রম নিয়মিত বাস্তবায়ন নিশ্চিত করতে প্রশিক্ষণ ম্যানুয়ালের পরিশিষ্ট-২(গ)-এর ‘বাস্তবায়ন ও মনিটরিং নির্দেশনা’ অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি মনিটরিং পুল গঠন করতে হবে।
৫. ম্যানুয়ালের পরিশিষ্ট-২-এ অন্তর্ভুক্ত পরিচালনা ও বাস্তবায়ন গাইডলাইনের আলোকে কাউন্সেলিং সেবাসহ অন্যান্য নির্দেশনা শিক্ষার্থীদের দৈনিক অনুশীলন কার্যক্রমের সঙ্গে প্রয়োজন অনুযায়ী বাস্তবায়ন করা হবে।
৬. প্রশিক্ষণ ম্যানুয়ালের পরিশিষ্ট-২ ও ৪–এ বর্ণিত নীতিমালা অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠানের মনিটরিং পুল তাদের কার্যক্রম পরিচালনা করবে। মনিটরিং পুলের কার্যক্রম প্রশিক্ষণ ম্যানুয়াল ও বাস্তবায়ন গাইডলাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং এর বাইরে কোনো কার্যক্রমে সম্পৃক্ত হওয়া যাবে না।
৭. মনিটরিং পুল প্রতিবছর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হলে আলোচনা সাপেক্ষে ব্যাচভিত্তিক প্রশিক্ষণ আয়োজন করা যেতে পারে।
৮. অসংক্রামক রোগ প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে এবং অভিভাবকদের অবহিত করতে প্রয়োজনে শিক্ষার্থীদের অভিভাবকদেরও এই প্রশিক্ষণের আওতায় আনা যেতে পারে।
৯. প্রতিষ্ঠানপ্রধানেরা সংশ্লিষ্ট অঞ্চল, জেলা, থানা বা উপজেলার শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা সমঝোতা স্মারকের অংশ হিসেবে নিজ নিজ অবস্থান থেকে প্রশিক্ষণ কার্যক্রমের বাস্তবায়ন সমন্বয় করবেন। প্রয়োজনে প্রশিক্ষণসংক্রান্ত বিষয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ কার্যক্রমের কো-অর্ডিনেটরের সঙ্গে যোগাযোগ করা যাবে।
১০. প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন এবং প্রশিক্ষণ-পরবর্তী দৈনিক অনুশীলন কার্যক্রম তদারকির জন্য মনিটরিং পুলের সদস্য হিসেবে বাংলাদেশ স্কাউটসের সদস্যরা (স্কুল পর্যায়ে স্কাউটস এবং কলেজ পর্যায়ে রোভার স্কাউটস) স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত থাকবেন।



