ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অভিযোগ করা আসনগুলো হলো— ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪।
অন্যদিকে, শেরপুরের একটি আসনে কারচুপির অভিযোগ এনে পৃথক আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণ করে প্রয়োজনীয় আদেশ দেন। একইসঙ্গে সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীদের নোটিশ জারি করেছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে জামায়াত নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। আদালত এসব আসনের সব ব্যালটপেপার সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।



