tanaka
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার

প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার

রাজধানীতে অপহৃত এক স্কুলছাত্রকে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় মাত্র এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। ছেলে অপহরণের খবর পেয়ে সচিবালয়ের এক কর্মচারী বাবা কান্নায় ভেঙে পড়ে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বিষয়টি জানান। বিষয়টি শুনেই প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন।

এর কিছু সময়ের মধ্যেই রাজধানীর খিলগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল-এর নবম শ্রেণির ছাত্র। দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটির পর ৪-৫ জন ব্যক্তি তাকে জোরপূর্বক জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। পরে তার বাবার ফোন নম্বর সংগ্রহ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নামে। অপহরণকারীরা যে নম্বর থেকে যোগাযোগ করেছিল, সেই নম্বর ধরে পুলিশ কৌশলে ‘টাকা পাঠানোর’ কথা বলে যোগাযোগ অব্যাহত রাখে। একপর্যায়ে তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

ডিসি বলেন, “টাকা পাঠানোর জন্য একটি নম্বর চাইলে তারা প্রথমে সময়ক্ষেপণ করে। কিছুক্ষণ দর কষাকষির পর প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে সংশ্লিষ্ট ভবনে অভিযান চালিয়ে ছেলেটিকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।”

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শিশু অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন, যার ফলেই অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।