যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে একদল ইহুদি নাগরিক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার পক্ষে অবস্থান না নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভে অংশ নিয়ে রাব্বি ইসরোয়েল ডোভিদ বলেন, ইহুদি ধর্ম মূলত স্রষ্টার প্রতি বিশ্বাস ও নৈতিকতার শিক্ষা দেয়; এটি কোনো রাজনৈতিক মতবাদ নয়। তার ভাষ্য, জায়নিজম একটি রাজনৈতিক আন্দোলন, যার সূচনা প্রায় ১৪০ বছর আগে। তিনি দাবি করেন, আধুনিক ইসরায়েল রাষ্ট্রের ধারণা ইহুদি ধর্মের মৌলিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ডোভিদ আরও বলেন, ইহুদি ধর্মীয় আইনে হত্যা কঠোরভাবে নিষিদ্ধ এবং ধর্মের ভিত্তিতে জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা সমর্থন করে না। তার মতে, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে রক্তক্ষয় বেড়েছে এবং মুসলিম ও ইহুদিদের মধ্যে বিভাজন গভীর হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ৫৭৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৫১৮ জন আহত হয়েছেন। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১,৮৫১ জনে এবং আহত হয়েছেন ১,৭১,৬২৬ জন।



