দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে আজ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রবিবার (১৮ জানুয়ারি) প্রকাশ করা হবে। বিকেল কিংবা সন্ধ্যার মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম এই কাজ সম্পন্ন করেছে। একই সঙ্গে ফলাফল প্রস্তুতের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে আজই ফল প্রকাশ করা হবে। কোনো বিশেষ কারণে তা সম্ভব না হলে আগামী ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, প্রতি শূন্যপদের বিপরীতে কতজন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে—সে বিষয়েও আলোচনা চলছে। আগে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে তিনজন প্রার্থীকে ভাইভায় ডাকার সিদ্ধান্ত ছিল। তবে সাম্প্রতিক জালিয়াতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে সেই সংখ্যা বাড়িয়ে পাঁচজন করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে অংশ নেন ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী। পরীক্ষার কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং অনেকে ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে শেয়ার করেন। এ ছাড়া পরীক্ষাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠে ‘ডিভাইস পার্টি’। তারা পরীক্ষার্থীদের সঙ্গে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ডিভাইসের সহায়তা দেয়। ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় ২০৭ জন চাকরিপ্রার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮, দিনাজপুরে ১৮, কুড়িগ্রামে ১৬ এবং রংপুরে দুজন রয়েছেন।



