ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের সপ্তম দিনে নির্বাচন কমিশন (ইসি) ১৮টি আবেদন মঞ্জুর ও ১৭টি আবেদন নামঞ্জুর করেছে।
আজ শুক্রবার বিকাল ৩টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করেন।
মোট ৪৩টি আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ১৮টি আপিল মঞ্জুর হয়েছে। একই বিষয়ে ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে দায়ের করা ৪টি আপিলও নামঞ্জুর করা হয়েছে। জটিলতার কারণে ৪টি আপিল রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
কমিশন ঘোষণা করেছে, আগামীকাল ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ জানুয়ারি ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তি করে কার্যক্রম শেষ হবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। রিটার্নিং কর্মকর্তারা ৩ শ’ নির্বাচনী এলাকায় ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ ও ৭২৩টিকে বাতিল ঘোষণা করেছিলেন।



