tanaka
প্রচ্ছদসারাদেশসীমান্তে গুলি ছুঁড়ে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

সীমান্তে গুলি ছুঁড়ে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পারাপারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে গুলি ছুড়ে বাংলাদেশি এক যুবককে ধরে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬২-১০৬৩ নম্বর পিলার এলাকা থেকে মিস্টার আলী নামে ওই যুবককে আটক করে নিয়ে যায় বিএসএফ।

রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মিস্টার আলী (২৫) রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, ভোরে ৮ থেকে ১০ জন বাংলাদেশি চোরাকারবারি সীমান্তের কাঁটাতারের ওপর দিয়ে কম্বল পারাপার করছিল। এ সময় ভারতের আসাম রাজ্যের মানকারচর শাহপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গেট খুলে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। বাকিরা পালাতে সক্ষম হলেও মিস্টার আলীকে ধরে নিয়ে যায় বিএসএফ।

জামালপুর ৩৫ বিজিবির মোল্লাচর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফখরউদ্দিন জানান, তিনি শুনেছেন একজন বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে, তবে তার এলাকা থেকে নয়। অভিযুক্ত ব্যক্তিকে ১০৬৩ নম্বর পিলার থেকে ধরে নিয়ে গেছে।

রৌমারী সদর বিজিবি ক্যাম্পের এক কর্মকর্তা জানান, গুলি ছুঁড়ে কেউ আটক করা হয়েছে কি না তা বিজিবির টহলরত সদস্যদের সঙ্গে কথা বলে জানা যাবে এবং এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে।