যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, এমন পদক্ষেপ নেওয়া হলে ইরানে চলমান বিক্ষোভ আরও জোরালো হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তির পথ সুগম হতে পারে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, “আমরা যা-ই করি না কেন, তার উদ্দেশ্য হওয়া উচিত বিক্ষোভকারীদের সাহস জোগানো এবং শাসকগোষ্ঠীকে ভীত করা। আমি যদি আপনার জায়গায় থাকতাম, মিস্টার প্রেসিডেন্ট, তাহলে জনগণকে হত্যা করছে—এমন নেতৃত্বকেই লক্ষ্য করতাম। এটাকে থামাতে হবে।”
তিনি আরও বলেন, “যদি বিষয়টি ইতিবাচকভাবে শেষ হয়, তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ বন্ধ হবে। হিজবুল্লাহ ও হামাসের মতো সংগঠনগুলো দুর্বল হয়ে পড়বে। ইসরাইল ও সৌদি আরব শান্তিতে পৌঁছাবে। মধ্যপ্রাচ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।”
এর আগে, শনিবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রাহাম ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের ‘সহায়তা’ আসছে বলে ইঙ্গিত দেন।
পোস্টে তিনি লেখেন, “ইরানের জনগণের প্রতি বলছি—আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শিগগিরই শেষ হতে চলেছে। নিপীড়নের বিরুদ্ধে আপনারা যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন, তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাধীনতাকামী মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।”
তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন ‘ইরানকে আবারও মহান করে তুলুন’, তখন তার অর্থ হলো—ইরানের আন্দোলনকারীদের আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের বিরুদ্ধে জয়ী হতে হবে। এটি স্পষ্ট ইঙ্গিত যে, খামেনি ও তার সহযোগীরা ক্ষমতায় থাকলে ইরান কখনোই মহান হতে পারবে না।” যুক্তরাষ্ট্রের সহায়তার ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, “ইরানে যারা ত্যাগ স্বীকার করছেন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন। সাহায্য আসছে।”
উল্লেখ্য, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত সরকারবিরোধী ব্যাপক আন্দোলনে রূপ নেয়। ইরান সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই বিক্ষোভে ইন্ধন জোগাচ্ছে।
এদিকে, গত বৃহস্পতিবার থেকে ইরানে প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। ফলে দেশটির বাস্তব পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল



