২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিন আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকেই এই প্রচারণা শুরু হবে।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, অতীতে দলীয় প্রধানরা সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতেন, যা এক ধরনের রেওয়াজে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন।
নির্বাচনী প্রচার শুরুর বিষয়ে শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন,
“সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই ২২ তারিখ থেকে আমাদের সব পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।”
যে কারণে বাতিল হলো তারেক রহমানের উত্তরাঞ্চল সফর
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চার দিনের উত্তরাঞ্চল সফর আগেই চূড়ান্ত করা হয়েছিল। সফরের সব প্রস্তুতিও সম্পন্ন ছিল এবং ১১ জানুয়ারি থেকে সফর শুরুর কথা ছিল। সফরসূচিতে শহীদদের কবর জিয়ারত ও পারিবারিক কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।
তবে নির্বাচন কমিশনের অনুরোধে এই সফর স্থগিত করা হয়। এ নিয়ে প্রশ্ন উঠেছে—এই অনুরোধ কমিশনের নিজস্ব সিদ্ধান্তে নাকি অন্য কোনো পক্ষের আপত্তির পরিপ্রেক্ষিতে করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সফরসূচি প্রকাশের পর জামায়াত ও এনসিপির পক্ষ থেকে এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হতে পারে—এমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপত্তি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতেই কমিশন সফর স্থগিতের অনুরোধ জানায়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত শুক্রবার স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে।”
সফরের প্রথম দিন বিকেলে বগুড়ায় পৌঁছানোর কথা ছিল তারেক রহমানের। এরপর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফরের কর্মসূচি ছিল।



