বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১১ থেকে ১৪ জানুয়ারির সফরসূচি ঘোষণা করা হয়েছে। এই সময়ে তিনি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলা সফর করবেন।
বুধবার (৭ জানুয়ারি) তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়।
সূচি অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন। ওই দিন টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছে সেখানে রাত্রিযাপন করবেন।
পরদিন বগুড়া থেকে রংপুর ও দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঠাকুরগাঁওয়ে রাত্রিযাপন শেষে পরবর্তী দিনে তিনি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন।
রংপুরে রাত্রিযাপনের পর ১৪ জানুয়ারি বগুড়া (গাবতলী) সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
এ সফরে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মরহুমা তৈয়বা মজুমদারসহ জুলাই আন্দোলন ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং দোয়া মাহফিলে অংশ নেবেন।
এছাড়া সফরকালে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এদিকে, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।



