চলতি বছরের ঈদুল ফিতরে রক্তচক্ষু রোমাঞ্চ নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছে দেশের আলোচিত অভিনেতা সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’। মুক্তির আগেই দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে এই সিনেমা। ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমার শুটিং এবার দেশের সীমা পেরিয়ে শ্রীলঙ্কার মাটিতে শুরু হয়েছে। ইতিমধ্যেই ‘রাক্ষস’ টিম শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছে, যেখানে সিয়ামের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
শ্রীলঙ্কায় টানা দুই সপ্তাহ ধরে সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের চিত্রায়ণ সম্পন্ন হবে। এর আগে গত মাসে ঢাকায় সিনেমার শুটিং শুরু হয়, যেখানে সিয়ামের প্রথম লুক ইতোমধ্যেই দর্শকের কৌতূহল বাড়িয়েছে। শ্রীলঙ্কার শুটিং শেষ করে ইউনিট আবার ঢাকায় ফিরে আসবে। এরপর বাকি অংশের শুটিং এবং পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে সিনেমাটি রোজার ঈদে মুক্তির জন্য প্রস্তুত করা হবে।
উল্লেখযোগ্য, এই সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি, যিনি সিয়ামের বিপরীতে অভিনয় করছেন। এর আগে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেম-টেম’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয়েছিল তার। এছাড়া সুস্মিতা ‘চেঙ্গিজ’ এবং ‘মানুষ’সহ বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন।



