আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপ্রশাসনের কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সাহসী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, “আপনারা বুক ফুলিয়ে যখন আমাকে সাহস দেবেন, তখন আমিও সাহসী হবো। আপনাদের অঙ্গীকারই আমাকে সাহস জোগায়। আপনারা যখনই আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় ও সাহসী পদক্ষেপ নেবেন এবং বিধি-বিধানের আলোকে দায়িত্ব পালন করবেন—ইনশাআল্লাহ নির্বাচন কমিশন সবসময় আপনাদের পাশে থাকবে।”
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক ব্রিফিং সভায় তিনি এসব কথা বলেন।
সভা শুরুর আগে সিইসি শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার ও মাঠপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, “আমাকে খুশি করার কোনো প্রয়োজন নেই। আপনারা আপনাদের অধীনস্থদের আইন অনুযায়ী পরিচালনা করবেন। সিস্টেম যেন সঠিকভাবে কার্যকর হয়, সেই দায়িত্ব আপনাদেরই নিতে হবে। কোনো ধরনের বিচ্যুতি যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।”



