বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তায় গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভিপি আবু সাদেক কায়েম।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, সাম্প্রতিক সময়ে জুলাই বিপ্লবের ছাত্রনেতৃত্ব, রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার গানম্যান দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে তাকেও প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি।
পোস্টে আবু সাদেক কায়েম বলেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধে খুনি হাসিনার পতনের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার ঘাটতি এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা ব্যাহত হচ্ছে।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা গেলে এমন পরিস্থিতি তৈরি হতো না। অথচ একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অন্যদিকে হত্যাকাণ্ড ঘটলেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে।
তিনি আরও বলেন, দেশের ছাত্র-জনতা এখনো অনিরাপদ। এই প্রেক্ষাপটে কেবল নিজের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে তিনি সঠিক মনে করেন না। সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত না হলে তা ন্যায়সঙ্গত হয় না বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে আবু সাদেক কায়েম আপামর মানুষের জন্য নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার দাবি জানান।



