দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর কার্যালয়ে ভয়াবহ হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ জনতা এই দুটি সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা চালায়। এ সময় উভয় প্রতিষ্ঠানে কর্মরত সংবাদকর্মীরা ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় দুটির বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুনে পুড়ে যাওয়া ভবন দুটি যেন ক্ষতবিক্ষত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। ঘটনাস্থল ঘুরে দেখা যায়, দুই কার্যালয়েই ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। সকাল থেকেই আগুনে ঝলসে যাওয়া ভবনের সামনে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভবন দুটির প্রধান ফটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবন থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যান। জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত ১২টার কিছু আগে একদল লোক শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে ভবনটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে।
একপর্যায়ে বিক্ষুব্ধরা লাঠিসোঁটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এতে কার্যালয়ের অধিকাংশ জানালার কাচ ভেঙে যায়। রাত আনুমানিক ১২টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ ভবনের ভেতরে প্রবেশ করে টেবিল-চেয়ারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়। পরে ভবনেও অগ্নিসংযোগ করা হয়।



