ড. ইউনূস সরকারের ওপর ৭০ শতাংশ মানুষের আস্থা
ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের ৭০ শতাংশ মানুষের আস্থা রয়েছে—এমনটাই উঠে এসেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) পরিচালিত সাম্প্রতিক এক জরিপে।
আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত এ জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ জানিয়েছেন, ড. ইউনূস তাঁর দায়িত্ব ভালোভাবে পালন করছেন। একইসঙ্গে ৭০ শতাংশ মানুষ বলেছেন, তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট। আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও মন্তব্য করেন, ‘ড. ইউনূসের নেতৃত্বে মানুষ সুস্পষ্টভাবে অগ্রগতির সম্ভাবনা দেখছে। তার এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা দেশের স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কার নিয়ে গভীর প্রত্যাশার প্রতিফলন।’
জরিপে আরও দেখা যায়, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহও উল্লেখযোগ্য। ৬৬ শতাংশ ভোটার জানিয়েছেন তারা ভোট দিতে ‘খুবই আগ্রহী’, আর ২৩ শতাংশ বলেছেন তারা ‘কিছুটা আগ্রহী’। পাশাপাশি অংশগ্রহণকারীদের ৮০ শতাংশ বিশ্বাস করেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নীতিমালা, রাজনীতি ও শাসনব্যবস্থা সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি বোঝার লক্ষ্যে আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে এ ধরনের জনমত জরিপ পরিচালনা করে।



