বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা এবং চিকিৎসা–সংক্রান্ত বিষয় জানাতে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করবে বিএনপি। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরবেন।
বিএনপির মিডিয়া সেলের পাঠানো বার্তায় জানানো হয়েছে, দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার চলমান চিকিৎসা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতেই এ আয়োজন।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন ডা. জাহিদ হোসেন। তারা মেডিকেল টিমের সঙ্গে চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা করলেও সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি।
গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতার কারণে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা।



