বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে ঘিরে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
জানা যায়, সোমবার (১ ডিসেম্বর) রাত ২টা থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড স্থাপন করা হয়। প্রয়োজনীয় ব্যক্তি ছাড়া অন্য কাউকে সেখানে ভিড় করতে দেওয়া হচ্ছে না। হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগী ও তাদের স্বজনদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, হাসপাতাল এলাকার ভিড় নিয়ন্ত্রণ এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে সরকার তাকে “অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি” (VVIP) হিসেবে ঘোষণা করে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড ও চোখের নানা জটিলতায় ভুগছেন। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান জানান, “সিসিইউ, আইসিইউ বা ভেন্টিলেশন—যেভাবেই বলি না কেন—ম্যাডাম অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। শুধু তার জন্য জাতির দোয়া চাই।”



