tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকট্রাম্পের এমআরআই রিপোর্টে দেখা গেছে তার স্বাস্থ্য ‘অসাধারণ’

ট্রাম্পের এমআরআই রিপোর্টে দেখা গেছে তার স্বাস্থ্য ‘অসাধারণ’

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ সুস্থ আছেন। সম্প্রতি করা তার ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) পরীক্ষায় হৃদ্‌রোগসংক্রান্ত কোনো জটিলতার প্রমাণ পাওয়া যায়নি। সোমবার এক ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এই তথ্য জানান।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কার্ডিওভাসকুলার ইমেজিং একেবারেই স্বাভাবিক। কোনো ধমনিতে সংকোচন, রক্তপ্রবাহে বাধা বা হৃদ্যন্ত্র ও বড় রক্তনালিতে অস্বাভাবিকতা নেই। ৭৯ বছর বয়সী ট্রাম্পের হৃদ্যন্ত্রের চেম্বার স্বাভাবিক আকারের, রক্তনালির দেয়াল মসৃণ ও সুস্থ, এবং প্রদাহ বা রক্ত জমাটের কোনো লক্ষণ পাওয়া যায়নি। সামগ্রিকভাবে তার কার্ডিওভাসকুলার সিস্টেম ‘অত্যন্ত ভালো অবস্থায়’ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্পের অ্যাবডোমিনাল ইমেজিংও স্বাভাবিক এসেছে।

সম্প্রতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ট্রাম্প এমআরআই করান। যদিও সাধারণ স্বাস্থ্য পরীক্ষায় এমআরআই প্রচলিত নয়, এ কারণে তার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য যথাসময়ে প্রকাশ করা হচ্ছে কিনা—সে বিষয়ে প্রশ্ন উঠেছিল। নিজের বয়স ও স্বাস্থ্য ইস্যুতে ট্রাম্প পূর্বেও সংবেদনশীল প্রতিক্রিয়া দেখিয়েছেন। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে নিউইয়র্ক টাইমস-এর এক নারী প্রতিবেদককে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন; ওই প্রতিবেদক ট্রাম্পের বয়স তার শক্তি ও কর্মক্ষমতায় কীভাবে প্রভাব ফেলছে—এ বিষয়ে একটি প্রতিবেদনের সহলেখক ছিলেন।