tanaka
প্রচ্ছদআন্তর্জাতিককেন্দ্রীয় শাসন জারির চ্যালেঞ্জ ছুড়লেন কেপি মুখ্যমন্ত্রী আফ্রিদি

কেন্দ্রীয় শাসন জারির চ্যালেঞ্জ ছুড়লেন কেপি মুখ্যমন্ত্রী আফ্রিদি

খাইবার পাখতুনখোয়া (কেপি) মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি কেন্দ্রীয় সরকারকে প্রদেশে গভর্নর শাসন জারি করার চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, তাঁর সরকার এতে মোটেও আতঙ্কিত নয়। সোমবার তিনি বলেন, “কেপিতে অন্য কোনো শাসনের প্রয়োজন নেই; যারা ক্লোজ-ডোর নীতি প্রয়োগ করছেন, তাদের উচিত এর পরিণতি বোঝা।”

এর আগে কেপির আইনবিষয়ক প্রতিমন্ত্রী আকিল মালিক জানান, দুর্বল প্রশাসন, সন্ত্রাসবাদ এবং আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকার গভর্নর শাসন জারির বিষয়টি ‘গুরুতরভাবে বিবেচনা’ করছে।

জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পিটিআই সমর্থিত মুখ্যমন্ত্রী আফ্রিদি বলেন, প্রদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বাইরের শাসনের প্রয়োজন নেই। পার্লামেন্ট হাউসের বাইরে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খানও বলেন, কেপিতে গভর্নর শাসনের কোনো বাস্তব সম্ভাবনা তিনি দেখছেন না। তাঁর মতে, প্রদেশ এই ধরনের শাসন সহ্য করতে পারবে না, যদিও বর্তমান সরকার সন্ত্রাসবাদ দমনেই কাজ করবে।

এদিকে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, গভর্নর শাসন সংবিধানসম্মত একটি বিকল্প এবং প্রয়োজন হলে যেকোনো সরকারই তা প্রয়োগ করতে পারে। পিটিআই নেতৃত্বাধীন কেপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, শাসনব্যবস্থা দুর্বল হলে যুগোপযোগী সিদ্ধান্তের আলোচনা স্বাভাবিকভাবেই আসে।

জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে আইনমন্ত্রী আজম নাজির তারার বলেন, সরকারী যন্ত্রপাতি ব্যবহার করে ইসলামাবাদে হামলা চালানো অসাংবিধানিক। তিনি উল্লেখ করেন, পিপিপি ও পিএমএল–এন নেতৃত্ব বহুবার হামলার লক্ষ্য হলেও কখনো আইনের সীমা লঙ্ঘন করেনি।

পার্লামেন্ট হাউসের বাইরে সিনেটর ফয়সাল ভাওয়াদা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটলে কেপিতে গভর্নর শাসন জারি হওয়া অস্বাভাবিক নয়।