tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতি৫ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপির মনোনয়ন বোর্ড

৫ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপির মনোনয়ন বোর্ড

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কারা সংসদ সদস্য হবেন, তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে প্রথম ধাপে পাঁচ বিভাগের প্রায় ৪০০ মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে মনোনয়ন বোর্ড।

বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্যক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও অংশ নেন।

দুপুরের পর থেকেই কার্যালয় এলাকায় মনোনয়নপ্রত্যাশীদের উপস্থিতিতে সরগরম পরিবেশ তৈরি হয়। বিকেল ৩টার দিকে শুরু হওয়া সাক্ষাৎকার পর্বে প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে প্রার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামে অবদানের বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা দলীয় মনোনয়ন পেয়ে সংসদে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

রুহুল কবির রিজভী বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে দলের স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ড যথাযথ মূল্যায়ন করবে। তিনি আরও বলেন, কঠিন সময় অতিক্রম করে দল গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, এ সময়ে অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। যারা সংসদে কথা বলার যোগ্যতা রাখেন, তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।

দলীয় তথ্য অনুযায়ী, মোট ১,০২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও প্রায় ৯০০ জন তা জমা দিয়েছেন। প্রতিটি ফরমের মূল্য ২,০০০ টাকা এবং জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০,০০০ টাকা জামানত দিতে হয়েছে।

গত ৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য একটি আসন নির্ধারিত।