ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ দূতাবাস ও মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ইতালির পুলিশের সঙ্গে যোগাযোগের নির্দেশ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সোমবার ভেনিসে আজমেরী হক বাঁধন, তার ভাই, ভাইয়ের স্ত্রী এবং তাদের সন্তানের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনাটিকে গুরুতর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপরও আঘাতের শামিল।
হামলার খবর পাওয়ার পর মঙ্গলবার সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন বলে জানান হুমায়ুন কবির। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, যাতে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হয় এবং বাঁধনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হয়।
দূতাবাস ও কনস্যুলেটের নজরদারি
প্রতিমন্ত্রী জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় পুলিশ ঘটনাটি নিয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিলানের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
তার নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি দূতাবাসের পক্ষ থেকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি তোলা হবে
হুমায়ুন কবির জানান, বাঁধন ইতালির পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন। এরপর ঘটনাটি কূটনৈতিকভাবে আরও জোরালোভাবে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তুলে ধরবে বাংলাদেশ।
তিনি বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে।



