tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদবাণিজ্য১ জানুয়ারি শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

১ জানুয়ারি শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) আগামী ১ জানুয়ারি থেকে পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে। মেলার শুভ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ডিআইটিএফ-২০২৬ আয়োজন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এ সময় ইপিবির ভাইস চেয়ারম্যান হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক বেবি রাণী কর্মকার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব জানান, এবারের মেলায় অনলাইনের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে চালু থাকছে ই-টিকিটিং ব্যবস্থা, যার মাধ্যমে অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ করা যাবে। অন-স্পট টিকিট ক্রয়ের ব্যবস্থাও থাকবে।

দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ডেডিকেটেড শাটল বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সেবা যুক্ত করা হয়েছে। এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যক্রম ও রপ্তানি খাতের সক্ষমতা তুলে ধরতে নির্মাণ করা হয়েছে ‘এক্সপোর্ট এনক্লেভ’।

মেলায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে ‘বাংলাদেশ স্কয়ার’-এ স্থিরচিত্র প্রদর্শন করা হবে। সম্ভাবনাময় খাত ও পণ্যভিত্তিক বিভিন্ন সেমিনার আয়োজনের উদ্যোগও নেওয়া হয়েছে।

বিদেশি উদ্যোক্তাদের জন্য থাকবে ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন। সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার এবং শিশুদের বিনোদনের জন্য থাকবে দুটি শিশু পার্ক। নারী, প্রতিবন্ধী, কুটির, তাঁত, বস্ত্র ও হস্তশিল্প উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। পণ্য প্রচার ও বিপণনের জন্য থাকবে উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র।

এবারের মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

পূর্বাচলে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বাণিজ্য মেলায় মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। দেশীয় ও বিদেশি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে বস্ত্র, মেশিনারিজ, ফার্নিচার, ইলেকট্রনিক্স, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, প্রক্রিয়াজাত খাদ্য, কসমেটিক্স, খেলনা, স্টেশনারি, স্যানিটারিওয়্যারসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হবে।

মেলা প্রাঙ্গণে ব্যাংকিং সেবার জন্য থাকবে এটিএম বুথ, মা ও শিশু কেন্দ্র, রক্ত সংগ্রহ কেন্দ্র, মসজিদ ও বিশ্রামাগার। দর্শনার্থীদের যাতায়াতের জন্য কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন স্থান থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে ২০০টির বেশি বিআরটিসি শাটল বাস চলাচল করবে। শেষ শাটল বাস ছাড়বে রাত ১১টায়।

মেলায় প্রবেশের টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং ১২ বছরের নিচে শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। মেলা প্রতিদিন সকাল ৯টা ৫৫ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

উল্লেখ্য, দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে।