tanaka
প্রচ্ছদজাতীয়১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে না। দেশে ফিরতে হলে তাকে বন্দি হিসেবেই ফিরতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা সংক্রান্ত খবরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে হায়ার করে অনেক লেখাই লেখানো যায়। কিন্তু ইচ্ছা (ডিজায়ার) ও বাস্তবতার (রিয়ালিটি) মধ্যে পার্থক্য বুঝতে হবে।’

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি আরও বলেন, বাস্তবতা হলো, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া তাকে কখনোই দেশে ফিরতে দেওয়া হবে না। তিনি সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে।

বর্তমান সরকারের বৈধতা ও অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, বর্তমান সরকার আত্মবিশ্বাসী। বাংলাদেশের মানুষের বিপুল ভোটে নির্বাচিত এই সরকারের শক্ত ভিত্তি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে থাকবে।

এর আগে মঙ্গলবার সকালে প্রথমবারের মতো ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক অথবা তাঁদের প্রতিনিধিরা অংশ নেন।