একটি ছবি কখনো কখনো বদলে দিতে পারে একটি শিশুর জীবন। সৌদি আরবের মক্কার একটি রাস্তার পাশের ছোট্ট ফটো স্টুডিওতে ঈদুল ফিতরে নতুন পোশাক পরে ছবি তুলতে গিয়েছিল কয়েক ভাইবোন। ছবিটি পরে স্টুডিওর শোকেসে বড় করে টাঙিয়ে রাখা হয়। প্রতিদিন সেই পথ দিয়ে যাওয়ার সময় নিজের ছবির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন ছোট্ট আমাল আল-আমির। তখন কি তিনি জানতেন, একদিন ক্যামেরাই হয়ে উঠবে তাঁর জীবনের প্রধান পরিচয়? হয়তো জানতেন না। শুধু নিজের ছবি দেখতে ভালো লাগত তাঁর।
সেই ভালো লাগা থেকেই একসময় ঈদের সালামির টাকা জমিয়ে কিনে ফেলেন নিজের প্রথম ক্যামেরা। খুব সাধারণ, কম দামি একটি ক্যামেরা। নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু কেনা সম্ভব, সেটুকুই। সেই ছোট্ট ক্যামেরার শাটার চাপার মধ্য দিয়েই শুরু হয় তাঁর দীর্ঘ পথচলা।
আজ আমাল আল-আমির সৌদি আরবের মক্কাভিত্তিক একজন আলোকচিত্রী। আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। একই সঙ্গে নিউ ভিউ ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন।
দশ বছর বয়সেই ক্যামেরার নেশা
প্রায় ১০ বছর বয়স থেকেই নিয়মিত ছবি তুলতে শুরু করেন আমাল। তখন অবশ্য তিনি জানতেন না, একদিন এই ভালো লাগাই তাঁর পেশাগত পরিচয়ের অংশ হয়ে উঠবে। একটি ভালো ছবি তুলতে পারলে আনন্দ পেতেন। কোনো দৃশ্য মনের মতো না হলে আবার সেই জায়গায় ফিরে যেতেন। নতুন করে ছবি তুলতেন, চেষ্টা করতেন আরও ভালো কিছু করার।
তখন তাঁর হাতে ছিল ফিল্ম ক্যামেরা। ডিজিটাল ক্যামেরার মতো ছবি তোলার সঙ্গে সঙ্গেই পর্দায় দেখে নেওয়ার সুযোগ ছিল না। ফিল্ম ডেভেলপ করার পর বোঝা যেত ছবিটি ঠিকমতো এসেছে কি না। ভুল হলে সেটিও ছিল শেখার অংশ।
ছবির আলো ঠিক হয়নি? পরেরবার আলোর বিষয়টি আরও ভালোভাবে বুঝতে হবে। কম্পোজিশন ভালো হয়নি? আবার চেষ্টা করতে হবে। এভাবেই চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে চলেছেন তিনি। প্রায় ২০০৭ সালের দিকে প্রথম ডিজিটাল ক্যামেরা হাতে পাওয়ার পর তাঁর আলোকচিত্রচর্চায় আসে নতুন গতি।
পুরস্কার নয়, প্রতিটি অর্জনই একেকটি মাইলফলক
আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে আমালের অর্জনের তালিকা বেশ দীর্ঘ। গ্লোবাল ফটোগ্রাফিক ইউনিয়নের ২০২১ সালের প্রোফাইলে তাঁর ৯০০-এর বেশি আন্তর্জাতিক পুরস্কার অর্জনের তথ্য উল্লেখ করা হয়েছিল। অন্যদিকে, ড্রোন ফটো অ্যাওয়ার্ডসের প্রোফাইল অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত তাঁর আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা ছিল ১ হাজার ৫০০-এর বেশি।
সংখ্যাটি নিঃসন্দেহে বিস্ময়কর। তবে আমালের কাছে পুরস্কারগুলো কেবল পরিসংখ্যান নয়। কোনো একটি অর্জনকে অন্যটির চেয়ে বড় করে দেখেন না তিনি। বরং প্রতিটি পুরস্কারকে মনে করেন নিজের পথচলার একেকটি মাইলফলক।
প্রতিটি স্বীকৃতিই এমন একটি সময়ের স্মারক, যখন তিনি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। একটি পুরস্কার তাঁকে আনন্দ দিয়েছে, সেই আনন্দ আবার অনুপ্রাণিত করেছে নতুন ছবি তুলতে, নতুন প্রতিযোগিতায় অংশ নিতে এবং আরও বেশি শিখতে। এভাবেই একের পর এক সাফল্যের সিঁড়ি পেরিয়েছেন তিনি।
শুধু ছবি তোলা নয়, অন্যদেরও পথ দেখানো
একসময় আমাল উপলব্ধি করেন, তাঁর আশপাশে অনেকেই আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী। কিন্তু কোথায় প্রতিযোগিতা হচ্ছে, কীভাবে অংশ নিতে হবে কিংবা প্রতিযোগিতার নিয়ম ও শর্ত কী—এসব বিষয়ে তাঁদের অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই। বিশেষ করে আরব বিশ্বের অনেক আলোকচিত্রী আন্তর্জাতিক প্রতিযোগিতা ও বিভিন্ন আলোকচিত্র সংগঠন সম্পর্কে যথেষ্ট জানতেন না।
এই বাস্তবতা থেকেই যাত্রা শুরু হয় নিউ ভিউ ফটোগ্রাফি ক্লাবের।
আলোকচিত্রীদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশের একটি সেতু হিসেবে ক্লাবটি গড়ে তুলতে চেয়েছেন আমাল। তাঁর লক্ষ্য ছিল, আলোকচিত্রীরা যেন আন্তর্জাতিক প্রতিযোগিতার খবর পান, অংশগ্রহণের নিয়ম ও শর্ত সম্পর্কে জানতে পারেন এবং প্রয়োজনে দলগতভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান।
ক্লাবটির কার্যক্রম যে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয়েছে, তার প্রমাণও রয়েছে। আন্তর্জাতিক আলোকচিত্র শিল্পসংস্থা এফআইএপির অনুমোদিত প্রতিযোগিতার তালিকায় ২০২০ সালের প্রথম নিউ ভিউ ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্ট থেকে শুরু করে ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের প্রতিযোগিতার তথ্য পাওয়া যায়। এসব তালিকায় আয়োজক হিসেবে নিউ ভিউ ফটোগ্রাফি ক্লাব এবং আমাল আল-আমিরের নাম রয়েছে।
অর্থাৎ নিজের ছবির জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পাশাপাশি অন্য আলোকচিত্রীদেরও আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানোর পথ তৈরি করছেন আমাল।
একজন নারী আলোকচিত্রীর পথচলা
নারী হিসেবে আলোকচিত্রের জগতে তাঁর পথচলা সব সময় সহজ ছিল না। আমালের মতে, আলোকচিত্রে নারী-পুরুষ উভয়েরই নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। তবে তাঁর সমাজে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়ায় মানুষের ছবি তোলা সব সময় সহজ ছিল না।
এ কারণে শুরুর দিকে স্থাপত্য, ঐতিহাসিক স্থাপনা, প্রকৃতি এবং মানুষের দৈনন্দিন জীবনের বাইরের বিভিন্ন দৃশ্যের ওপর বেশি মনোযোগ দিতেন তিনি।
এ ছাড়া রাত গভীরে কিংবা খুব ভোরে ছবি তোলার জন্য বাইরে বের হওয়ার সুযোগও সব সময় ছিল না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আলোকচিত্রীদের দলের সঙ্গে বের হওয়া এবং ভ্রমণের সময় সেই সুযোগ তৈরি হয়।
একজন আলোকচিত্রীর কাছে সময় কেবল ঘড়ির কাঁটার হিসাব নয়। কখন আলো সবচেয়ে সুন্দর থাকে, কখন মানুষজন বাইরে বের হন কিংবা কখন একটি জায়গা তার ভিন্ন রূপ প্রকাশ করে—এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। সময় ও সুযোগের সীমাবদ্ধতা পেরিয়ে ধীরে ধীরে নিজের ছবির জগৎ বিস্তৃত করেছেন আমাল।
‘অন দ্য হিল’: মরুভূমির টানে ফিরে যাওয়া এক মানুষ
আমালের উল্লেখযোগ্য ছবিগুলোর একটি ‘অন দ্য হিল’। ছবিটির পেছনে রয়েছে ওমানের মরুভূমি এবং একজন বেদুইন মানুষের গল্প।
২০২০ সালে ওমান ভ্রমণের সময় ছবিটি তোলেন তিনি। তাঁর ফটোগ্রাফি ক্লাবের কয়েকজন ওমানি সদস্য স্থানীয় বেদুইনদের সঙ্গে আলোকচিত্রীদের সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন। সেই ভ্রমণে কয়েক দিন ধরে ছবি তোলেন আমাল। পরবর্তী সময়েও তিনি আবার সেখানে ফিরে গেছেন।
ছবির মানুষটি শহর থেকে খুব দূরে থাকেন না। তাঁর গাড়ি আছে, চাকরি আছে, শহরে বাড়িও রয়েছে। তারপরও মরুভূমির জীবন তাঁর অস্তিত্বের গভীরে রয়ে গেছে। ঘোড়া ও উটের সঙ্গে তাঁর সম্পর্কও এখনো অটুট।
ছবিটির বিশেষত্ব এখানেই। এটি শুধু একজন মানুষের প্রতিকৃতি নয়; বরং নিজের শিকড়, ঐতিহ্য ও জীবনযাপনের সঙ্গে একজন মানুষের গভীর সম্পর্কের গল্প তুলে ধরে।
২০২৫ সালের মনোভিশনস ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের উইনার্স গ্যালারিতেও আমাল আল-আমিরের নামে প্রকাশিত হয়েছে ছবিটি। সেখানে ছবির বর্ণনায় বেদুইন মানুষটির মরুভূমির শিকড় এবং সেই জীবনধারার প্রতি তাঁর টানের বিষয়টি তুলে ধরা হয়েছে।
ছবিটির গল্পের সঙ্গে আমালের নিজের জীবনদর্শনেরও যেন এক ধরনের মিল রয়েছে।
একটি ভালো ছবির শক্তি কোথায়?
আমালের কাছে ভালো ছবি মানেই শুধু দৃষ্টিনন্দন কোনো দৃশ্য নয়। একটি শক্তিশালী ছবির ভেতরে অবশ্যই গল্প থাকতে হবে। সেই গল্প হতে পারে কোনো মানুষকে নিয়ে, কোনো জায়গাকে নিয়ে কিংবা কোনো ঘটনা বা বিষয়কে কেন্দ্র করে।
ছবিটি এমন হতে হবে, যা দর্শকের দৃষ্টি আটকে রাখবে এবং মনে কোনো অনুভূতি তৈরি করবে। তবে গল্প বলার পাশাপাশি কারিগরি দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। আলো, রং ও কম্পোজিশনের সমন্বয় ছবির বক্তব্যকে আরও শক্তিশালী করে তোলে।
আমালের মতে, একটি ছবির প্রথম শর্ত হলো শক্তিশালী বিষয়বস্তু। এরপর কারিগরি দক্ষতার মাধ্যমে সেই বিষয়কে আরও সুন্দর ও অর্থবহভাবে উপস্থাপন করতে হয়।
তাঁর নিজের কাজেও এই দর্শনের প্রতিফলন দেখা যায়। ‘অন দ্য হিল’ ছবিতে একজন মানুষকে দেখা গেলেও শেষ পর্যন্ত সেটি শুধু একটি প্রতিকৃতিতে সীমাবদ্ধ থাকে না। এর সঙ্গে যুক্ত হয় মরুভূমি, জীবনযাপন, শিকড় এবং সময়ের গল্প।
তরুণী আলোকচিত্রীদের জন্য পরামর্শ
তরুণী আলোকচিত্রীদের জন্য আমালের পরামর্শ, নিয়মিত পড়াশোনা করতে হবে, চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে হবে এবং নতুন নতুন বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে হবে। এভাবেই ধীরে ধীরে নিজের শিল্পবোধ ও আলাদা সৃজনশীলতা তৈরি করা সম্ভব।
নারীদের জন্য বিশেষভাবে একটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। পরিবার ও ঘরের দায়িত্ব পালনের কারণে অনেক নারী নিজের জন্য প্রয়োজনীয় সময় বের করতে পারেন না। তাই নিজের বিকাশ ও সৃজনশীল চর্চার জন্য আলাদা সময় রাখা জরুরি।
নিজের ভালোবাসা ও স্বপ্নকে হারিয়ে ফেলা যাবে না। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নিজের স্বপ্নের জন্য জায়গা তৈরি করতে হবে।
বর্তমান সময়ে শেখার সুযোগও আগের তুলনায় অনেক বেশি। ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় জ্ঞান ও তথ্য সহজেই পাওয়া যায়। তাই সবকিছু নিখুঁত হওয়ার অপেক্ষায় না থেকে শুরু করে দেওয়াই ভালো। হয়তো একটি সাধারণ ক্যামেরা দিয়েই শুরু হতে পারে আলোকচিত্রের যাত্রা। যেমনটি করেছিলেন আমাল আল-আমির।
একটি ক্যামেরা, একটি নতুন দিগন্ত
শৈশবে স্টুডিওর শোকেসে নিজের ছবি দেখে যে মেয়েটি আনন্দ পেয়েছিল, সে হয়তো তখনো জানত না একটি ছবির শক্তি কতটা গভীর হতে পারে। ঈদের সালামির টাকা জমিয়ে কেনা ছোট্ট ক্যামেরাটিও জানত না, তার হাত ধরে সামনে কী অপেক্ষা করছে।
আজ সেই ক্যামেরা দিয়ে শুরু হওয়া যাত্রা আমালকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক আলোকচিত্রের জগতে। তিনি ছবি তুলেছেন নানা দেশের মানুষ, প্রকৃতি ও জীবনযাপনের গল্প নিয়ে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় পেয়েছেন স্বীকৃতি, হয়েছেন বিচারক এবং গড়ে তুলেছেন একটি আলোকচিত্র ক্লাব। অন্যদের জন্যও তৈরি করেছেন আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছানোর সুযোগ।
আলোকচিত্র নিয়ে লেখালেখিও করেছেন তিনি। ২০২৪ সালের জুনে তাঁর লেখা ‘ওয়াটারকালার বক্স’ পিএসএ জার্নালের আর্টিকেল অব দ্য মান্থ হিসেবে প্রকাশিত হয়।
এত অর্জনের পরও আমালের কথায় সবচেয়ে বেশি ফিরে আসে ছবি তোলার আনন্দের বিষয়টি। একটি ভালো ছবি পাওয়া কিংবা কোনো দৃশ্যের কাছে নতুন করে ফিরে যাওয়ার আনন্দই যেন তাঁকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।
বাংলাদেশের নারী আলোকচিত্রীদের সঙ্গেও পরিচিত হওয়ার আগ্রহ রয়েছে তাঁর। বাংলাদেশের অনেক পুরুষ আলোকচিত্রীর সঙ্গে পরিচয় থাকলেও এখনো কোনো নারী আলোকচিত্রীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়নি বলে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
হয়তো কোনো একদিন বাংলাদেশের কোনো তরুণী আলোকচিত্রী ক্যামেরা হাতে দাঁড়াবেন। কোনো একটি দৃশ্য তাঁকে থামিয়ে দেবে। তিনি ছবি তুলবেন। তারপর নিজের তোলা ছবির দিকে তাকিয়ে মনে মনে বলবেন—এটাই তো আমি করতে চাই।
আমালের গল্পের শুরু হয়েছিল একটি ছবিকে ঘিরে। তেমনই আরেকটি ছবি হয়তো কোনো নতুন আলোকচিত্রীর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
কারণ একটি ছবি শুধু একটি মুহূর্তকে ধরে রাখে না; কখনো কখনো একটি ছবিই বদলে দিতে পারে একটি জীবন।



