tanaka
প্রচ্ছদসারাদেশহামের উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট প্রাণহানি ৯১৮

হামের উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট প্রাণহানি ৯১৮

দেশে হামের প্রাদুর্ভাব এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপসর্গ ও পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম—দুই ধরনের মৃত্যু মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৯১৮ জনে।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮১৯ জন। একই সময়ে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৯১৮ জনে পৌঁছেছে।

এদিকে, চলমান প্রাদুর্ভাবের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৮৯ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৮০ জন।

সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।