হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর (নৌপথ) চালুর ঘোষণা দিয়েছে ওমান। আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা ও বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।
বুধবার (২৪ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সঙ্গে সমন্বয় করে এই করিডোর চালু করা হয়েছে।
ওমানের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব, বৈশ্বিক অর্থনীতিতে এর ভূমিকা এবং আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এ করিডোর ব্যবহারকারী জাহাজের ওপর কোনো ধরনের ট্রানজিট ফি আরোপ করা হবে না বলেও জানানো হয়েছে।
এদিকে, হরমুজ প্রণালির ভবিষ্যৎ নৌপরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। দুই দেশ যৌথভাবে একটি ‘কর্মপরিষদ’ গঠনের ঘোষণা দিয়েছে, যা প্রণালিতে নৌচলাচল ব্যবস্থাপনা, সামুদ্রিক সেবা এবং সংশ্লিষ্ট ব্যয় নির্ধারণের বিষয়গুলো পর্যালোচনা করবে।
ওমানের সঙ্গে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর ধারা-৫ অনুযায়ী, হরমুজ প্রণালির ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক সেবা পরিচালনা সংক্রান্ত বিষয়ে উভয় দেশ আলোচনা চালিয়ে যাবে।
সমঝোতা স্মারকে আরও উল্লেখ করা হয়েছে, ইরান আগামী ৬০ দিনের জন্য পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও টোলমুক্ত চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে। পাশাপাশি বাণিজ্যিক নৌপরিবহন কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার বিষয়েও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ১৪ দফা সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেয়। যুদ্ধ পরিস্থিতির অবসান এবং বিভিন্ন অমীমাংসিত ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও আলোচনার পথ অনুসরণের লক্ষ্যে এই সমঝোতা সম্পাদিত হয়।



