tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনহঠাৎ গান ছাড়ার ঘোষণা ঘোষণা দিয়েছেন তাহসান খান

হঠাৎ গান ছাড়ার ঘোষণা ঘোষণা দিয়েছেন তাহসান খান

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ঘোষণা দিয়েছেন, দীর্ঘ দুই দশকের সংগীত জীবনের পর তিনি এখন থেকে আর কোনো কনসার্টে গান গাইবেন না। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে হঠাৎ মাইক্রোফোনে দাঁড়িয়ে তিনি বলেন, “অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। আসলে এটা শেষ কনসার্ট না, শেষ ট্যুর। ধীরে ধীরে সংগীতজীবনে ইতি টানার চিন্তা ভাবনা আছে। এটা স্বাভাবিক—সারাজীবন কি এভাবে মঞ্চে লাফালাফি করা যায়? মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে ‘দূরে তুমি দাঁড়িয়ে’ গানটি গাই, কেমন লাগে ভাবতে হচ্ছে।”

এই ঘোষণা শোনার পর দর্শকেরা হতবাক হয়ে পড়েন এবং অনেকেই আবেগতাড়িত হয়ে চোখের পানি মুছতে শুরু করেন। তবে তাহসান নিজেই নিজের সিদ্ধান্তে দৃঢ় থেকেছেন এবং গান চালিয়ে গেছেন।

এর কারণ জানতে চাইলে সোমবার দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, “একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি।”

তাহসান বর্তমানে তার পেশাদার সংগীতে ২৫ বছর পূর্ণ করেছেন। এই রজতজয়ন্তী উপলক্ষে তিনি অস্ট্রেলিয়া ট্যুরে রয়েছেন। ব্রিসবেন, অ্যাডিলেড ও সিডনির কনসার্টগুলোতে হাজারো দর্শককে মুগ্ধ করেছেন তিনি। প্রতিটি শহরে তার জনপ্রিয়তা অটুট রয়ে গেছে, যা দর্শকদের ভিড় থেকেই স্পষ্ট।

তবে মেলবোর্ন কনসার্টের এই বিদায়ী ঘোষণায় ভক্তদের মন ভারি হয়ে গেছে। যদিও পরবর্তী পার্থের কনসার্টটি তার শেষ কনসার্ট হিসেবে উল্লেখ করেছেন, এরপর তিনি ধীরে ধীরে সংগীত জীবনের মঞ্চ থেকে সরে দাঁড়াবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

তাহসান বহুবার বলেছেন, “সঙ্গীত তার কাছে সবসময় আবেগের জায়গা। তবে বয়স, সময় ও জীবনের অগ্রাধিকার তাকে নতুন ভাবনায় পৌঁছে দিয়েছে। মেয়ে বড় হয়ে ওঠা তার জীবনের বড় প্রভাব ফেলেছে। মঞ্চে লাফিয়ে গান গাওয়া আর আগের মতো স্বাভাবিক মনে হয় না। একজন শিল্পী হিসেবে নয়, একজন বাবা হিসেবে তার দায়িত্বও বেড়েছে।”

সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়া এবং এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত – দুটোই ইঙ্গিত দেয় যে, তাহসান এখন নিজের ব্যক্তিগত জীবনের দিকে বেশি মনোযোগ দিতে চান।

তাহসানের সংগীত জীবন শুরু হয় ব্যান্ড ‘ব্ল্যাক’-এর মাধ্যমে, যা ১৯৯৮ সালে জন কবির, জাহান ও টনির হাত ধরে যাত্রা শুরু করে। পরে ব্যান্ডে যোগ দেন তাহসান ও মিরাজ। ২০০২ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী’, যা তরুণ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

তাহসানের এই ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক ভক্ত লিখেছেন, “আমরা তাকে বিদায় জানাতে প্রস্তুত নই।” আবার কেউ কেউ আশা প্রকাশ করেছেন, কিছুদিন বিরতি নিয়ে তিনি হয়তো আবার ফিরে আসবেন। তবে তাহসান প্রথম আলোকে স্পষ্ট করে জানিয়েছেন, সংগীতে ফেরার কোনও পরিকল্পনা নেই।