২০২৭ সালের হজকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। এরই অংশ হিসেবে বিশ্বের ৭৮টি দেশের হজবিষয়ক অফিসের সঙ্গে ধারাবাহিক প্রস্তুতি বৈঠক করেছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছানোর আগেই বিভিন্ন সেবা, পরিচালন পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়গুলো সমন্বয় করাই এসব বৈঠকের মূল লক্ষ্য।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, বৈঠকগুলোতে হজ ব্যবস্থাপনার বিভিন্ন ধাপের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি অনুমোদিত সময়সূচি বাস্তবায়ন, হজ প্যাকেজের প্রক্রিয়া এবং অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে হজযাত্রীদের আবাসন, পরিবহন ও খাবার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জনসমাগম ও ভিড় ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া হজযাত্রীদের সচেতনতা বাড়ানো, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং হজ পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য নিয়মকানুন যথাযথভাবে বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব পায়।
সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসগুলোর প্রস্তুতি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রস্তুতি প্রক্রিয়ার কোনো পর্যায়ে সমস্যা বা ঘাটতি দেখা দিলে তা আগেভাগেই শনাক্ত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রস্তুতির প্রতিটি ধাপের জন্য নির্দিষ্ট দায়িত্ব ও সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজের প্রস্তুতি কার্যক্রম শুরু হয় গত মে মাসে। ওই সময় বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসে প্রস্তুতিসংক্রান্ত নথি ও পরিচালন সূচি পাঠানো হয়। একই সঙ্গে আগের হজ মৌসুমের কার্যক্রমেরও ব্যাপক মূল্যায়ন করা হয়, যাতে ভবিষ্যৎ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উন্নয়ন আনা যায়।
সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, আগাম ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে হজযাত্রীদের জন্য আরও সুশৃঙ্খল, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হজ অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে। সৌদি আরবের ভিশন ২০৩০-এর আওতায় পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেও এ ধরনের আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, হজের বিভিন্ন কার্যক্রম আগেভাগে সমন্বয়ের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর হজবিষয়ক অফিস, সেবাদাতা প্রতিষ্ঠান এবং সৌদি কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার হচ্ছে। এর মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার চেষ্টা চলছে।



