জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। সোমবার (৩১ আগস্ট) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পিকার বাংলাদেশের জনগণের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, দেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বিগত জাতীয় নির্বাচনগুলোর প্রেক্ষাপট তুলে ধরে তিনি বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদকে জনগণের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উল্লেখ করেন।
আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার ও সংশোধনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পূরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি শক্তিশালী ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন এবং সংসদীয় গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তার কথা বলেন।
সাক্ষাতে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সাধারণ পরিষদে বাংলাদেশের ভূমিকা, আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সমুদ্রসীমা সংক্রান্ত মামলা এবং সংসদীয় কূটনীতিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইপিইউ প্রতিনিধিদলের সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



