tanaka
প্রচ্ছদজাতীয়বাংলাদেশকে ২৪ লাখ ডলারের স্বাস্থ্য সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের স্বাস্থ্য সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে ২৪ লাখ মার্কিন ডলারের (প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা হাসপাতাল পরিদর্শনকালে এসব তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণ মডেল পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন।

মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের এই স্বাস্থ্য সহায়তার আওতায় নবজাতকের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখা ও শ্বাসপ্রশ্বাসে সহায়তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ রয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, জেএইচপিআইজিও, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দেশের দুর্গম এলাকাসহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অংশীদারত্বের অংশ হিসেবেই এই সহায়তা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য খাত দুই দেশের সহযোগিতার অন্যতম পুরোনো ক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, সংক্রামক রোগ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য স্বাস্থ্য সহায়তা দিয়ে আসছে। এর পাশাপাশি মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবাতেও সহযোগিতা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করা এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।

দেশজুড়ে মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ আরও সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত তেঁতুলিয়া উপজেলার চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা ও মহানন্দা নদী পরিদর্শন করেন। পরে পঞ্চগড় জেলা হাসপাতাল পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় সার্কিট হাউজে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের সঙ্গে মতবিনিময় করেন। পরে সংসদ সদস্যের আমন্ত্রণে মধ্যাহ্নভোজেও অংশ নেন তিনি।

এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভিন ও পুলিশ সুপার আবু সাঈমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।